36July
জুলাইয়ের ইতিহাস

যথাযোগ্য মর্যাদায় রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

by Admin · · 88 views
যথাযোগ্য মর্যাদায় রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহী, ৫ আগস্ট ২০২৬: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিজয় র‍্যালি, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিশেষ মোনাজাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তরসমূহের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তালাইমারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী ৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতার জন্য রচনা জমা দেওয়া যাবে।

পরে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

#রুয়েট #রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় #জুলাই গণঅভ্যুত্থান #জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ #জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান

Comments (0)

Login to leave a comment.

No comments yet. Be the first to comment.


Related posts